কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধির কার্যালয়ে তালা ভেঙে মালামাল লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর গ্রামের রায়হান সরকার শুভ (২৭) ও মো. আশিকুল ইসলাম শান্ত (২৭)। গত ৫ আগস্ট ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. সাহাব উদ্দিন দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় রুজু হওয়ার পর তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।
তদন্ত কর্মকর্তা জানান, বাদীর সরবরাহ করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে রায়হান সরকার শুভ ও মো. আশিকুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার বাদী মো. সাহাব উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে দিনের বেলায় অফিসের তালা ভেঙে ডিজিটাল সাইনবোর্ড, ক্যামেরা, বুম, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল একাধিক ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। পরে অফিসে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, “এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়; এটি গণমাধ্যমের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড।” ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার দুই প্রত্যক্ষদর্শী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং লুট হওয়া মালামাল কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 



















