চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের একরামুল হক সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং আগামী দিনের ব্যবসায়িক প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ আলি সরকার।
সভায় বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরটি জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা নানা অবকাঠামোগত সমস্যায় ভুগছেন। আধুনিক ইয়ার্ড, ক্রেন ও শেডের অভাবে প্রায়শই পণ্য খালাসে জটিলতা তৈরি হচ্ছে এবং পচনশীল মালামাল নষ্ট হচ্ছে। বক্তারা সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে অবিলম্বে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু, কাস্টমস জটিলতা নিরসন এবং সংযোগ সড়কসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন ইতি, সহ সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ মোঃ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহসহ প্রমুখ।
ব্যবসায়িক আলোচনার পাশাপাশি এ বারের সাধারণ সভার বিশেষ আকর্ষণ ছিল একটি জমকালো ও আকর্ষণীয় র্যাফেল ড্র। সাধারণ সভা শেষে এই ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র-কে কেন্দ্র করে উপস্থিত সদস্যদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ড্র-এর বিজয়ীদের মাঝে পরে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















