রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের মদনখালি গ্রামে এক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছে। ভুক্তভোগী উম্মে লুবদা কাওসার জানান, তাদের পরিবার প্রায় ৭০ বছর ধরে একটি রাস্তায় চলাচল করে আসছিল। হঠাৎ করে প্রতিপক্ষ আব্দুল কাদের মন্ডল টিনের বেড়া দিয়ে সেই রাস্তা বন্ধ করে দেন। এতে পুরো পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় মানবিক সংকট তৈরি হয়েছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। ভুক্তভোগী পরিবার দ্রুত রাস্তা খুলে দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
























