একটা ছোটো তুলনা থেকে শুরু করা যাক। ২০২৫ আইপিএলে নিজেদের ৯ ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস পাওয়ারপ্লের ৬ ওভারে এখন পর্যন্ত হাঁকিয়েছে ৫ ছক্কা। বিপরীতে বৈভব সুর্যবংশী তিন আইপিএল ইনিংস মিলিয়ে পাওয়ারপ্লেতে আদায় করে নিয়েছেন ১০ ছক্কা। ১৪ বছর বয়েসী বৈভবের এমনই মাহাত্ম্য।
তবে তার এমন বিধ্বংসী মেজাজের সবচেয়ে বড় ঝড়টা সইতে হয়েছে গুজরাট টাইটান্সকে। মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা কিংবা রশিদ খান কেউই পাত্তা পাননি বৈভবের সামনে। ১৪ বছর বয়সে খেললেন টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটাই। এত কম বয়সে কার কারোরই এই ফরম্যাটে সেঞ্চুরি নেই। ৩৫ বলে করা ওই সেঞ্চুরি আইপিএল ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম।
গতকাল ঘরের মাঠে বৈভব সুর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে টি-টোয়েন্টিতে আরও একটা বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে রাজস্থান রয়্যালস। ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে ২০০-এর বেশি টার্গেট তাড়া করেছে রাজস্থান। গতকাল গুজরাটের দেয়া ২১০ রানের ইনিংস রাজস্থান রয়্যালস পেরিয়ে গেছে ১৫.৫ ওভারে।
এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের ২২২ রানের টার্গেট সারে অতিক্রম করেছিল ঠিকঠিক ১৬ ওভারে। ২০২৪ সালে গুজরাটেরই ২০১ রানের টার্গেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পার করেছিল ১৬ ওভারেই। গতকালের ম্যাচে এই দুই দলের চেয়ে এক বল কম খেলেছে রাজস্থান রয়্যালস।
ক্রীড়া প্রতিবেদক 

























