চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। গতকাল বৃহস্পতিবার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুবুল হক (৪২)। ছাত্রলীগ নেতা মাহবুবুল কয়রাডাঙ্গা গ্রামের আফজালুল রহমানের ছেলে। এবং গাংনী ইউনিয়নের ৯ নং ভোগাইলবগাদি গ্রামের ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোজাম মন্ডল।
পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তার পরোয়ানা অভিযান পরিচালনা করেন। এসময় খাদেমপুর ইউনিয়ন বিএনপির পথযাত্রায় হামলার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছাত্রলীগ ও কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আব্দুর রশিদ 






















