নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে ‘March For Justice’ কর্মসূচি এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শেখ হাসিনা সরকারের শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গিয়েছিলো, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও অরাজকতা বন্ধ ও সঠিক বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলো তা নিরসনে দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও অরাজকতা বন্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও, কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
ছাত্রদলের নেতারা বলেন, “শেখ হাসিনা সরকারের শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গিয়েছিলো। তারা কলেজ ক্যাম্পাসে গুম, খুন, সন্ত্রাস ও অরাজকতা চালিয়ে শিক্ষার পরিবেশকে ধ্বংস করেছে। আমরা এর প্রতিবাদে ‘March For Justice’ কর্মসূচি পালন করেছি এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি পেশ করেছি।”
নওগাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
মোঃ শাহিন হোসেন 

























