ঢাকা কলেজের মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখার উদ্যোগে জুলাই গণহত্যার ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের চিত্র ও ভিডিও উপস্থাপন করা হয়। এই গণহত্যায় অসংখ্য ছাত্র-জনতা প্রাণ হারিয়েছিল, যারা স্বৈরাচারী দমনপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আয়োজকরা জানান, প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো ইতিহাসের এই নৃশংস অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা এবং ন্যায়বিচারের দাবিকে জোরালো করা।
এই প্রদর্শনীতে ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়। উপস্থিত বক্তারা বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দিতে হবে এবং জনগণের মধ্যে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। তারা আরও বলেন, এই গণহত্যার বিচার একদিন হবেই, আর সেই পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
খুনি হাসিনার ভাষণের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে আয়োজকরা বলেন, জনগণকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার ষড়যন্ত্র কখনো সফল হবে না। গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছাত্রসমাজ বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রদর্শনীর আয়োজকরা সবাইকে ইতিহাস জানতে ও অন্যদের জানাতে আহ্বান জানান। তারা বলেন, সত্য লুকিয়ে রাখা যাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চলবেই।
কৌশিক মাহমুদ সিজান 

























