রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া আরাবি ইসলাম সুবা-কে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সুবা নিজের সুস্থতার কথা জানান এবং বলেন, “আমি ভালো আছি, বাবার কাছে ফিরে যাবো।”
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা নওগাঁ পৌঁছালে তাদের কাছেই সুবাকে হস্তান্তর করা হবে।
এর আগে, মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ হওয়ার পর নওগাঁয় সুবাকে দেখা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সেখান থেকেও সরে পড়ে। তদন্তের অংশ হিসেবে মোহাম্মদপুর এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হলে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবা এক যুবকের হাত ধরে ঘুরছে।
মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, নিখোঁজের ঘটনায় সুবার বাবা ইমরান রাজীব সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় সুবা এক যুবকের সঙ্গে কথা বলছে এবং পরে তার সঙ্গেই নওগাঁ চলে যায়।
নিখোঁজের পেছনের ঘটনা
১১ বছর বয়সী সুবা তার মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি চলছিল। এর জন্য তারা মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল।
গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
বর্তমানে পুলিশ সুবাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে এবং বিষয়টি অতিরিক্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মোঃ শাহিন হোসেন 

























