সিলেটের সারি-গোয়াইন ঘাট সড়কের পূর্ণানগর এলাকার কালভার্টে টাক্টার (দুর্গা)সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ আরো পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার কর্ণি গ্রামের ইসমাইলের পুত্র নজরুল ইসলাম (৫০), লেঙ্গুড়া গ্রামের মৃত আরফান আলীর পুত্র জসির উদ্দিন (৬৫)।
এছাড়া আহত অন্যরা হলেন,
আলিম উদ্দিন (৪০) মারজাহান আহমদ(৩০), জসিম উদ্দিন (২৮), রহমত উল্লাহ (৩০), রায়হান (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭ টার দিকে গোয়াইনঘাট থেকে আসা দ্রুতগামীর বেপরোয়া টাক্টার(দুর্গা) গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের কবলে পড়ে অপরদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা। এতে গুরুতর আহত সিএনজির ড্রাইভারসহ সাতজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক হওয়ায় সাতজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কিশলয় সাহা সাংবাদিকদের জানান, আমরা আহতদের বাঁচানোর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দুটি এম্বুলেন্স ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত ড্রাইভার দিয়ে রিজার্ভে থাকা অপর এম্বুলেন্সটিও তাৎক্ষণিক ভাবে কাজে লাগিয়েছি। কারণ জীবন আগে।
এই দুর্ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইমরান আহমদ, গোয়াইনঘাট : 





















