রংপুরের গঙ্গাচড়ায় রুবেল মিয়া ওরফে খুশু (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ছোট রুপাই আলেমার বাজারস্থ আখতারুলের বাড়ির খড়ের মাচার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মিয়া গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নীলারপাড় গ্রামের আফসারুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ভ্যানে করে ভাংরী মালপত্র কিনতেন। এ ঘটনায় রুবেল মিয়ার শ্বশুর গজঘন্টা ইউনিয়নের উমর বালাটারী গ্রামের তোহাসিন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করতে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে রাতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খড়ের মাচার নিচে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি মাসুমুর রহমান বলেন, রুবেল মিয়া ভাংরীর ব্যবসা করতেন।
তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। থানায় নিহতের শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া, প্রতিনিধি। 





















