গভীর রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে ওই তরুণীর সঙ্গী যুবক। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণী। এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার বিভাজকের সঙ্গে ধাক্কা লাগলে ওই তরুণী পেছন থেকে ছিটকে পড়ে যান। পরে একটি বাস তাঁকে চাপা দিলে ওই তরুণী মারা যান।
দুর্ঘটনার পরপরই চালক তাঁকে সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে গেছে। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিকেল চারটার দিকে ঢাকা পোস্টকে বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, কিন্তু কোথাও ম্যাচ করেনি।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, মেয়েটির এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি। মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাতে এক যুবকের সঙ্গে ঘুরতে এসেছিলেন ওই তরুণী। পথে মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় তরুণী ছিটকে পড়ে যান। এ সময় একটি বাস তাঁকে চাপা দিলে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পলাতক চালককে শনাক্ত করতে সেতুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 





















