ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনার জন্য আজ রোববার বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী জোটের প্রধান নেতা গাদি আইজেনকোট।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের আহ্বান জানানোর পর আইজেনকোট তাঁর সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন।
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি গতকাল শনিবার রাতে এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট কথা বলেছেন এবং তাঁরা কাল (আজ) ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়াতে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।”
এ বিবৃতির পর সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছেন, আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনে তিনি রাজি আছেন। সেই সরকারে প্রথমে আইজেনকোট অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী হবেন। তবে বিশেষ নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নেতানিয়াহুর এমন প্রস্তাব আইজেনকোট সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান।
আইজেনকোট নিজে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নিয়ে বলেছেন, “যদি লিকুদ সত্যিকার অর্থে ঐক্য চায়, আমি আগামী ২৪ ঘণ্টায় দেখতে চাই তারা বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে।”
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য ১২০টি আসনের মধ্যে প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে। তারা পেয়েছে ৫৩টি আসন।
অন্যদিকে, বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটও এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। তবে আরব দলগুলোর সঙ্গে জোট করলে প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরপরই তিনি সরকার গঠন করতে পারতেন। তাঁর জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। তবে আরব দলগুলোকে বাদ দিয়ে ইহুদি দলগুলোকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন তিনি।
সূত্র: দ্য নিউ আরব
আন্তর্জাতিক ডেস্ক 
























