প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমাতে শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি আরও কার্যকর করার পাশাপাশি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার সুপারিশ করেছে কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব পরামর্শ ও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্য মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিগত প্রথম বৈঠকের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্টের অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্যরা উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ দেন।
বৈঠকে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলের সব স্কুল যেন এর আওতায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ ছাড়া প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন এবং দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি নির্ধারণের সুপারিশ করা হয়।
টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর জোর দেয় সংসদীয় কমিটি। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এমনভাবে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়।
এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উপায় বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সংসদীয় কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























