কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, মনোহরগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, মাদক ও বিশৃঙ্খলার বিষয়ে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মনোহরগঞ্জ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এস এম আনোয়ার-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 



















