চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি মিজ এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সকাল সাড়ে ৯টার দিকে লালদিয়া প্রকল্প এলাকায় পৌঁছালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। পরে তিনি প্রতিনিধিদল নিয়ে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক ও অগ্রগতি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।
পরিদর্শনকালে স্টেট সেক্রেটারির সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক মোলার এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার রা। এ ছাড়া এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি কাস্ত্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন।
ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালকে দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক সমুদ্রবাণিজ্য আরও গতিশীল হবে। নবায়নযোগ্য জ্বালানিনির্ভর গ্রিন টার্মিনাল হিসেবে এটি পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব সরবরাহব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি।
প্রকল্পের সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামুদ্রিক অবকাঠামো ও লজিস্টিকস খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।
নিজস্ব প্রতিবেদক 























