রাজধানীতে ইউএনএফপিএর আয়োজনে বাল্যবিবাহ আইন সংস্কার শীর্ষক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য দেন যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, যমুনা টিভির হেড অব নিউজ তৌহিদুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান বাল্যবিবাহ রোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই ধারায় বলা হয়েছে, ‘যুক্তিসংগত কারণ দেখিয়ে মা-বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হলে সে ক্ষেত্রে তা অপরিণত বয়সের বাল্যবিবাহ বলে গণ্য হবে না।’ এই আইনের দুর্বলতার সুযোগে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং বাল্যবিবাহ বাড়ছে। আইনের এই বিশেষ বিধানটির অপব্যবহার হচ্ছে।
যমুনা টিভির হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ। এটি প্রশ্নবিদ্ধ। তবুও বাল্যবিবাহ হচ্ছে, এটাই বাস্তবতা। এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা পিছিয়ে থাকা রাজশাহী ও খুলনায় কাজে লাগানোর চেষ্টা করা দরকার। বাল্যবিবাহের জন্য নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা উচিত।
সংলাপে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনো বাল্যবিবাহের শিকার, যার ফলে কিশোরী গর্ভধারণ ও জীবনের সুযোগ সীমিত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজস্ব প্রতিবেদক 























