ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং নির্বাহী পরিচালক (অপারেশন) ও নির্বাহী পরিচালক (প্রকৌশল)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রবিউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ নির্বাহী পদের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখায় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ঘুষ দাবি, ক্রয়-বিক্রয়ে অনিয়ম, বিদেশে সম্পদ অর্জন এবং কর্মী মৃত্যুর ঘটনা ধামাচাপার মতো অভিযোগও সামনে এসেছে।
তিনটি নির্বাহী পদের নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট
রাষ্ট্রীয় এই বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে একক কর্মকর্তার হাতে তিনটি নির্বাহী পরিচালকের দায়িত্ব কেন্দ্রীভূত থাকায় ডিপিডিসির অভ্যন্তরে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, ঘনিষ্ঠ মহল এবং নিজস্ব প্রকৌশলী সিন্ডিকেটের মাধ্যমে রবিউল হাসান প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সহকর্মীদের মতে, নিয়মিত বদলি ও পদায়নের সুযোগ থাকা সত্ত্বেও একই গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন বহাল থাকায় প্রশাসনিক জবাবদিহি ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রকৌশলী বলেন, “তাঁর অত্যাচারে আমরা অতিষ্ঠ। স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব তাঁর নিয়ন্ত্রণে থাকায় তাঁকে পাশ কাটিয়ে কোনো কাজ করার সুযোগ নেই। ফলে সব ক্ষেত্রেই তাঁর অনুমতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়।” প্রকৌশলীদের অভিযোগ, কোনো ফাইল তাঁর টেবিলে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পাঠানো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত অঙ্কের অর্থ চাওয়া হয়; সেই দাবি পূরণ না হলে হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের মুখে পড়তে হয়।
ক্রয়, টেন্ডার ও জিটুজি প্রকল্পে অনিয়মের অভিযোগ
জনসমক্ষে নিজেকে দক্ষ, সৎ ও অভিজ্ঞ প্রকৌশলী হিসেবে তুলে ধরলেও সরকারি কেনাকাটা, টেন্ডার, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্তে রবিউল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, আইসিটি বিভাগের ক্রয় প্রক্রিয়ায় তাঁর প্রভাব ব্যাপক—যার মধ্যে প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং সফটওয়্যার এবং বিদ্যুৎ বিল প্রিন্টিংয়ের কাগজপত্র কেনাকাটার মতো বিষয়ও রয়েছে। এসব ক্ষেত্রে ঘনিষ্ঠ ঠিকাদারদের প্রাধান্য দেওয়া হয় এবং তাঁর সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে; এমনকি তাঁর কোনো সমস্যায় সংশ্লিষ্ট ঠিকাদাররা রাতারাতি সমাধানের ব্যবস্থা করেন বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া একটি জিটুজি প্রকল্পে পাঁচ কোটি টাকা সম্মানী দাবির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এই অর্থ না দিলে কিছু ফাইলে স্বাক্ষর করতে অনীহা দেখান তিনি এবং দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখার ঘটনাও ঘটেছে। করোনাকালীন সময়ে বিদ্যুতের অতিরিক্ত ও ভুতুড়ে বিল নিয়ে দেশজুড়ে সমালোচনার প্রেক্ষাপটে তৎকালীন আইসিটি বিভাগের প্রধান হিসেবে তাঁর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছিল; সংশ্লিষ্ট প্রকৌশলীদের অভিযোগ, তখন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি দায় এড়ান এবং অন্য প্রকৌশলীদের ওপর দায় চাপান।
রাজনৈতিক প্রভাব, দুদক ও সম্পদের অভিযোগ
সংশ্লিষ্টদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক আশীর্বাদপুষ্ট হয়ে ওঠেন রবিউল হাসান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিনের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দেখিয়ে দীর্ঘদিন প্রভাব খাটিয়েছেন এবং নানা অনিয়মের অভিযোগ থেকে রেহাই পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিনের নির্দেশনায় জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে অর্থ ব্যয় এবং কেরানীগঞ্জে ওই সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের অর্থদাতা হিসেবে তাঁর নাম আলোচনায় আসার অভিযোগও তুলেছে একটি সূত্র।
পারিবারিক সম্পদ নিয়েও নানা অভিযোগ সামনে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, দৃশ্যমান সম্পদের বাইরে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে—যার মধ্যে রাজধানীর উত্তরায় বহুতল বাড়ি, টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় শ্বশুরের নামে প্লট এবং দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদের কথা বলা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে খামারবাড়ি এবং অস্ট্রেলিয়ায় স্ত্রীর নামে বাড়ি ও মার্কেট থাকার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন এবং এসব বিষয়ে দুদকের আনুষ্ঠানিক অনুসন্ধান হবে বলে জানা গেছে।
কর্মী মৃত্যু ও ধামাচাপার অভিযোগ
আউটসোর্সিং কর্মীদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। গত ২৫ অক্টোবর রাজধানীর ডেমরার মেন্দিপুর-থুলথুলিয়া এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের থ্রি-ফেজ প্রিপেইড মিটার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ডিপিডিসির আউটসোর্সিংয়ের আওতাধীন ডিএসএস কর্মী মো. আনিছ (৩৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি; জীবন বাঁচাতে খুঁটি থেকে লাফ দিলেও শেষ রক্ষা হয়নি, বিদ্যুতের ঝলকে শরীর ঝলসে যাওয়ার পর কিছুক্ষণ খুঁটিতে ঝুলে ছিলেন এবং নিচে পড়ে গেলে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ডেমরা ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শের আলী, নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান (১১১৭২) এবং উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল রউফের (১১৩৪২) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আনিছের মৃত্যুর ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তাদের দায় এড়াতে ও ঘটনা ধামাচাপা দিতে নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা রবিউল হাসান ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। কয়েকজন সূত্র আরও অভিযোগ করেছে যে ডিপিডিসিতে কোনো লাইনম্যান বা মিটারম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে ১০ লাখ টাকা করে আদায় করা হয়; তদন্ত কমিটি গঠন হলেও অনেক সময় প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া প্রতিবেদন তৈরি করা হয় এবং প্রধান কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে অর্থ দিয়ে বিষয়টি ম্যানেজ করা হয়।
বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের দাবি
সুশাসন ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ জান্নাতুর রহমান বলেন, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক, কারিগরি ও ক্রয়সংক্রান্ত দায়িত্ব দীর্ঘদিন একজন কর্মকর্তার হাতে কেন্দ্রীভূত থাকা স্বচ্ছতা ও জবাবদিহির জন্য ঝুঁকিপূর্ণ। তাঁর মতে, একই কর্মকর্তা প্রকিউরমেন্ট, অপারেশন ও প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করলে স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
আরেক সুশাসন ও প্রশাসনিক বিশেষজ্ঞ রাজু আহমেদ বলেন, সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ক্রয়ের অনুমোদন, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বিল পরিশোধের নথি স্বাধীনভাবে নিরীক্ষা করা প্রয়োজন। ঘুষ গ্রহণ, অর্থ দাবি বা তদন্ত প্রভাবিত করার অভিযোগ উঠলে বিভাগীয় তদন্তে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে দুদকের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান হওয়া উচিত বলে মনে করেন তিনি। উভয় বিশেষজ্ঞের মতে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কর্মীর মৃত্যু হলে সেটিকে নিছক দুর্ঘটনা না ধরে নিরাপত্তাব্যবস্থা, দায়িত্ব বণ্টন, তদারকি ও সংশ্লিষ্টদের ভূমিকা যথাযথভাবে তদন্ত করা জরুরি।
এসব অভিযোগ নিয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রবিউল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক জনবাণীকে বলেন, “যা ইচ্ছে তা লিখেন। তাতে কোনো সমস্যা নাই।” অস্ট্রেলিয়ায় স্ত্রীর নামে বাড়ি থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তী একাধিক চেষ্টায়ও ফোন রিসিভ করেননি।
সংশ্লিষ্টদের দাবি, রবিউল হাসানের দায়িত্ব পালনকালীন সব কেনাকাটা ও টেন্ডার, জিটুজি প্রকল্পের আর্থিক লেনদেন, তাঁর ও পরিবারের সম্পদের উৎস, আয়কর নথি, সম্পদ বিবরণী ও ব্যাংক লেনদেন এবং কর্মক্ষেত্রে মৃত্যুর ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক; পাশাপাশি দুদকে জমা দেওয়া অভিযোগগুলোর সুষ্ঠু অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নিজস্ব প্রতিবেদক 





















