খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।ডিসেম্বরকে সামনে রেখে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম ও সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ। তাঁদের পরিচিতি নম্বর যথাক্রমে ১২৯৮২ ও ১৬০৩৫। ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। আগামী ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার পরিকল্পনায় তাঁরা সংগঠিত হচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
প্রজ্ঞাপনে তাঁদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পুনরায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় পদায়নের কথা বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
নিজস্ব প্রতিবেদক 























