রংপুর মহানগরীর মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মুলাটোল কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে গর্ভবতী মা ও শিশু, চক্ষু এবং মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আম্মান ক্লিনিকের মাধ্যমে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চিকিৎসাসেবা দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহানুর রহমান সোহাগ, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন চন্দ্র রায়, চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আবু বাসার রিয়াদ, গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. সাবিনা সুলতানা মুক্তা ও আইএমও ডা. সাওলিন বিনতে তাহমিদ মাথিনসহ গাইনি, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের একদল ইন্টার্ন চিকিৎসক। ডায়াগনস্টিক বিভাগের কর্মচারীরাও সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, এ আয়োজন কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়; এটি মানবিক দায়বদ্ধতা, সামাজিক সম্প্রীতি এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি সম্মিলিত প্রয়াস। এ ক্যাম্পের মাধ্যমে মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সংগঠনের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সুমন বলেন, ভবিষ্যতে সংগঠনটি জনস্বার্থে আরও ভালো কাজ করবে। ব্যক্তিগত মতপার্থক্য, ভুল বোঝাবুঝি ও সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার পদ-পদবি কিংবা পরিচয়ে নয়, বরং সদস্যদের ঐক্য, আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানুষের জন্য কাজ করার মানসিকতায়। আমাদের ঐক্যই হোক আমাদের শক্তি, মানবসেবাই হোক আমাদের অঙ্গীকার।
ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সেলিম চৌধুরী, নুরুজ্জামান, মামুনুল ইসলাম মামুন, মঈনুল ইসলাম সুমন, রাসেল সরকার রিংকু, সরওয়ার ইসলাম সাকিব, আব্দুল হান্নান, পারভেজ ইসলাম, ফারুক হোসেন ও আবুল কাশেম ফিরোজ।
মোঃ রাকিবুল হাসান পরাগ-স্টাফ রিপোর্টার 

























