মূল্যবান ধাতু সোনা, বিশ্বজুড়েই এর চাহিদা অনেক। তবে এই সোনাই কখনো কখনো হয়ে উঠছে জঙ্গি ও সশস্ত্র গোষ্ঠীর অর্থের উৎস। অবৈধভাবে সোনা উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর হাতে পৌঁছাচ্ছে বিপুল অর্থ।
এবার পাকিস্তানের একটি প্রদেশে সোনার খনি থেকে জঙ্গিদের অর্থায়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের খনন কার্যক্রম। শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘোষণা দেন।
অবৈধভাবে সোনা উত্তোলনের মাধ্যমে পাওয়া অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে প্রদেশের সব সোনার খনির কার্যক্রম বন্ধ এবং খননকাজের সব ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি।
গভর্নর কুন্দির দাবি, প্রদেশটির কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি সোনা উত্তোলন করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৪২০ কোটি পাকিস্তানি রুপি। এই অর্থের প্রায় ৮০ শতাংশই আফগানিস্তানে চলে যাচ্ছে বলে অভিযোগ তাঁর।
অবৈধভাবে সোনা উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা কাজ চালিয়ে যেতে জঙ্গি গোষ্ঠীগুলোকে চাঁদা দিচ্ছেন বলে আশঙ্কা তাঁর। পরে সেই অর্থ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এ কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ট্রাক ও শ্রমিক নিয়োজিত রয়েছেন।
যেখানে প্রতি মাসে উত্তোলিত সোনার মূল্য ৪২০ কোটি রুপি, সেখানে ১০ বছরের জন্য খনির ইজারা মাত্র ৪৯২ কোটি রুপিতে দেওয়া হলো কীভাবে, প্রশ্ন তুলেছেন তিনি। এ সময় ইজারাদার ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনন এলাকা থেকে ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে, এ ঘোষণার কয়েক দিন আগে কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ সোনা উত্তোলন বন্ধে অভিযান চালায় পুলিশ। ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত হন। পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ১২ জন রাজনৈতিক ব্যক্তির পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন গভর্নর। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শেহরিয়ার আফ্রিদি ও খুররম জিশান। তবে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে, অবৈধ সোনা উত্তোলন ও সংঘর্ষের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছেন গভর্নর। নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়েছে। তবে সোনার অর্থ সত্যিই জঙ্গিদের হাতে পৌঁছাচ্ছে কি না, তা তদন্তে প্রমাণের অপেক্ষায় রয়েছে।
সূত্র: গলফ নিউজ
আন্তর্জাতিক ডেস্ক 























