রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মী।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। দুজনের শরীরেই একটি করে গুলি লেগেছে।
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন দল উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক 




















