আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
তাঁর অভিযোগ, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জামায়াত-শিবির শক্ত অবস্থান না নিয়ে বরং এসব কর্মকাণ্ডকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লেখেন, ‘আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, “নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?” আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।
পোস্টে তিনি লেখেন, ‘আচ্ছা, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্তভাবে ছাত্রলীগ করতেন, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতেন? আর সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না।’
‘সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ-সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না। তবে এ ক্ষেত্রে শিবিরের অনেকে যেহেতু ছাত্রলীগ করতেন, তাঁরা অতীতের ন্যায় ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে আওয়ামী দুর্বৃত্তদের চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য লিক করতে পারেন।’
তিনি লেখেন, ‘তবে একটা বিষয় পরিষ্কার যে, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামী লীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।’
‘এ ছাড়া, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছেন যে, “কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির!” জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে…! আর ঠিক এ কারণেই আওয়ামী লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে সেই অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না।’
রাশেদ খাঁন লেখেন, ‘এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, জামায়াত-শিবিরের চিন্তা এমন যে, আওয়ামী লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে। আর সরকার দুর্বল হয়ে পড়লে সরকারের কাছে বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের কদর বাড়বে এবং সরকার তখন আওয়ামী লীগ দমনে বিরোধী দলের সহযোগিতা চাইবে। আর সে সময় জামায়াত-শিবির এটাকে বার্গেনিং টুল বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং বিরোধী দলে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অংশীদারত্ব বজায় রাখতে প্রতিনিয়ত ছড়ি ঘোরাবে।
‘সরকারি দল বিরিয়ানি খাচ্ছে আর আমাদের চকলেট ধরিয়ে দিচ্ছে’—মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য বিশ্লেষণ করলে তো সব উত্তর পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার, এটিএম মা’ছুমসহ জামায়াতের প্রতিনিধিদল বৈঠক করেছে। যেহেতু বৈঠকের বিষয়টি জামায়াত অস্বীকার করেছে, এই অস্বীকার করার কারণেই জামায়াত বড় ধরনের ট্রাপে পড়ে গেছে।’
তিনি লেখেন, ‘ধারণা করা যায়, সেখানে এমন আলোচনা হয়েছে যে, আপনারা জাতীয় সংসদের বিরোধী দল, সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা করে আপনাদের ফায়দা কী? বরং আওয়ামী লীগ তাদের কাজ করুক, আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জামায়াত সম্মত না হলে আওয়ামী লীগের বিষয়ে এত নমনীয় হওয়ার কথা নয়।’
‘তবে প্রথম বা দ্বিতীয় পর্যবেক্ষণের মধ্যে যেটিই হোক না কেন, জামায়াত-শিবিরের এই খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্র সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।’
নিজস্ব প্রতিবেদক 
























