কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার গ্রিল/রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ ঘটনায় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকার ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির গোডাউনে অভিযান চালানো হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে গোডাউন থেকে মো. রুবেলের হেফাজতে থাকা একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ এবং নীল রঙের লোহার তৈরি দুটি গ্রিল/রড কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রুবেল লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর থানার চরভুতা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম জাহাঙ্গীর আলম এবং মাতার নাম রেজিয়া।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 



















