জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা মারধর এবং হত্যার হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫) বাদী হয়ে টুঙ্গিপাড়া আমলি আদালতে একটি সি.আর. মামলা (নম্বর: ৫৪৮/২০২৬) দায়ের করেছেন।
মামলার বাদী প্রভাষ মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলার আসামিরা হলেন বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) ও বীরেন মণ্ডল (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামিরা প্রভাষ মণ্ডলসহ আরও দুজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদেশে যাওয়ার কোনো প্রক্রিয়া বা অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগীরা তাঁদের দেওয়া টাকা ফেরত চান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর প্রভাষ মণ্ডল আসামিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাঁরা তাঁকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তী সময়ে যোগাযোগ করা হলে তাঁরা টাকা ফেরত দিতে টালবাহানা করেন। একপর্যায়ে টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাঁকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী প্রভাষ মণ্ডল বলেন, “টাকা উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার কষ্টের টাকা ফেরত চাই।”
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী সময়ে তাঁদের বক্তব্যও প্রতিবেদনে যুক্ত করা হবে।
পঙ্কজ বিশ্বাস-গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 





















