চট্টগ্রামের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সভায় জঙ্গল সলিমপুর এলাকার বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে প্রতিটি দপ্তর ও সংস্থার দায়িত্ব নির্ধারণ এবং কার্যক্রমের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 
























