নওগাঁর আত্রাইয়ে পুলিশ সুপারের নির্দেশনায় থানা-পুলিশের অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ বছর বয়সী এক শিশুসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) আত্রাই বাজারে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় মো. আবু বক্কর সিদ্দিককে (১৪) আটক করা হয়। পরে অভিযান চালিয়ে তার সহযোগী মো. সাদিকুল ইসলাম সাজুকে (২৩) গ্রেপ্তার করা হয়।
আটক আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়াগাথী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। অপর আটক ব্যক্তি সাদিকুল ইসলাম সাজু রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
আত্রাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আত্রাই থানায় মামলা হয়েছে। পরে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 



















