পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১০ অক্টোবর সকাল ১০টায় ‘Bridging Academia and Industry: Fostering Innovation, Collaboration and Mutual Development’ শীর্ষক ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশীদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছারউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক ড. মাহবুব রব্বানী। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু গ্র্যাজুয়েট তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। এলাকার মানুষের কল্যাণে এবং তাঁদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও গবেষণার ব্যবহার সম্প্রসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘Skill Knowledge-Based Education’ বাড়াতে হবে। এটি এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে তাত্ত্বিক বা পুঁথিগত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব ও কর্মমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। একটি দেশের টেকসই অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের মূল চালিকাশক্তি হলো উচ্চশিক্ষা ও শিল্পখাতের পারস্পরিক সেতুবন্ধন।
তিনি আরও বলেন, পবিপ্রবি শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ আয়োজন প্রমাণ করে, দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রচলিত গণ্ডি থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী ও উৎপাদনশীল শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে।
অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, শিল্পখাতে কী ধরনের দক্ষ জনবল প্রয়োজন, তা বুঝতে হবে। অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে, যাতে তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারে। এ সময় তিনি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস পরিদর্শনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এরপর পবিপ্রবির সঙ্গে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেফকো ফার্মাসিউটিক্যালস এবং খান শফিক রহমান অ্যান্ড কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বায়ার অ্যান্ড সায়েন্স, গ্রামীণ উন্নয়ন সংস্থা, রেনেটা পিএলসি, জাগো নারী, সেভ দ্য চিলড্রেন, কারিতাস বাংলাদেশ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আজমত গ্রুপ, রেনেটা অ্যানিমেল হেলথ, লালতীর সিড লিমিটেড, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস, রেফকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ-আরএফএল গ্রুপ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এগ্রিপ্লাস এবং খান শফিক রহমান অ্যান্ড কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে শিল্পমালিক ও প্রতিনিধিদের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে অংশ নেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























