পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।
অভিযানে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি ভাটার আগুন দেওয়ার স্থান বা ‘কিলন’ এবং উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ভাটাটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে সোমভাগ ইউনিয়নের কাউন্সিল এলাকায় অবস্থিত ‘মা ব্রিকস’ নামের ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটাটির কিলন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এ ছাড়া একই এলাকার ‘হালাল ব্রিকস’ নামের অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, “পরিবেশদূষণকারী এবং বৈধ অনুমতি বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। দুটি ইটভাটাকে আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটির কিলন ভেঙে দেওয়া হয়েছে।”
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ধামরাইয়ের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 
























