দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তাই এ শিল্পের উন্নয়নে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রতিবছর কোরবানির ঈদে যে চামড়া সংগ্রহ করা হয়, তা প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে জুতার কারখানা তৈরি করতে পারলে শতভাগ জুতা রপ্তানি করা সম্ভব।
তিনি বলেন, সরকারের নীতি এমন হওয়া উচিত, যেখানে ট্যানারির আশপাশে বসতি গড়ে উঠবে না।
খাল-বিল ও নদীতে চামড়ার বর্জ্য গেলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলেও জানান তিনি।
সারা দেশে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন স্থানে বিসিকের জায়গায় চকলেটসহ নানা ধরনের কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।
পরে পাঁচ দিনব্যাপী এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। মেলায় মোট ৪৯টি স্টলের মধ্যে ৪৩টিতে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 




















