স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন,বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। দেশের জনগনের জন্য রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের স্বাধীনতা নিশ্চিত করা ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি। দেশের জনগনের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গনতন্ত্রের মূল
ভিত্তি । সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসন ও ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি আয়োজনে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে যেভাবে পুনর্গঠন করেছিলেন, ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনরুদ্ধার করা হচ্ছে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি বরং গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। পলাশের স্থানীয় শিল্পকারখানাগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। অচিরেই পলাশের ধুঁকতে থাকা কলকারখানা সচল করতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ পর্যন্ত প্রতিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, যুবদলের সভাপতি এড. এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 



















