চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অপরাধ প্রবণতা কমানো ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩২টি অত্যাধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত আধুনিক কন্ট্রোল রুমে আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা প্রযুক্তির উদ্বোধন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা এবং প্রধান প্রবেশদ্বারগুলোতে এসব অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পুরো শহর মনিটরিং করা হবে। এর ফলে চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ
এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার
মারুফ আফজাল রাজন, সদর উপজেলা নির্বাহী অফিসার একরামুল হোসাইন, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা।
উদ্বোধনকালে বক্তারা বলেন, ডিজিটাল পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে এই সিসি ক্যামেরাগুলো শহরের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে মাইলফলক হয়ে থাকবে। অপরাধী সনাক্তকরণের পাশাপাশি নাগরিকদের জানমালের সুরক্ষায় জেলা পুলিশ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এদিকে পুলিশের এই সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সম্প্রদায়। সিসি ক্যামেরার আওতায় আসায় শহরে অপরাধ হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা সবার।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 






















