রাজবাড়ীর কালুখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
মতবিনিময় সভায় কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলার সড়কগুলোতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও স্থানগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় নবাগত ইউএনও এস. এম. রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় সাংবাদিকরা কালুখালী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সড়ক যোগাযোগের উন্নতি, যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।
এ সময় সাংবাদিকরা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। জনগণের কল্যাণে প্রশাসনের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আশ্বাস দেন তারা।
মতবিনিময় সভায় কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল ইসলামী-স্টাফ রিপোর্টার 




















