কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় ইউনিট (ইউএনজিআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইউএনজিআরডি জানিয়েছে, এখনো ২৬২ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৭ জনে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইউএনজিআরডির হিসাবে, দেশটির ১৫টি বিভাগের ৪৭১টি পৌরসভায় মোট ২ লাখ ৬২ হাজার ১৫৪ জন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হিসেবে নিবন্ধিত হয়েছেন।
গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি চলতি শতকে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র থাকলেও দেশটির পশ্চিমাঞ্চলের ‘কফি অ্যাক্সিস’ অঞ্চল এবং বড় শহরগুলোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে।
ভূমিকম্পে সরকারি ও বেসরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আঞ্চলিক স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ইউএনজিআরডির সর্বশেষ হিসাব অনুযায়ী, অন্তত ৩০ হাজার ৬৬৪টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আরও ১ লাখ ৩৬ হাজার ৯৪৬টি বাড়ি কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩০২টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই কালি ও পেরেইরা শহরে।
নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক ডেস্ক 
























