আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৯৮১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট একদিনেই প্রবাসীরা ৬ কোটি ৪০ লাখ (৬৪ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি বছরের একই সময় এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার।
সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২৯.১ শতাংশ বা ৪৫ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে চলতি (২০২৬-২৭) অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময় ছিল ৪০৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ।
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে।
এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























