চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ভোরের দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে। অন্যদিকে দুপুরের দুর্ঘটনায় মারা যান- শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটর সাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















