হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি হবে, মন্ত্রী হবে কিন্তু শাসক হবে না, সেবক হবে। এই সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। ড. ইউনূস প্রায় ১৮ মাস থেকে সেটাকে একদমই উঠাতে পারে নাই। শেষ মাসে তো বেতন দেবে কীভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল। এ রকম একটা অবস্থায় আমরা কিন্তু সরকার গঠন করেছি। তা সত্ত্বেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ওনার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ফ্যামিলি কার্ড যাতে আপনারা সবাই পান অর্থাৎ প্রত্যেকটা পরিবারের গৃহিণী মা তিনি যাতে পান সেজন্য কিন্তু আমরা ইতোমধ্যে যারা তথ্য সংগ্রহ করবে তাদের জন্য ইন্টারভিউ নিয়ে তাদের একটা টিম করেছি। ইউএনও সাহেবরা তাদের প্রশাসন টিম নিয়ে কাজ করে যাচ্ছেন। আগামী ২-৩ মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মা এই ফ্যামিলি কার্ড পাবেন। শতশত কোটি টাকা হাজার কোটি টাকা ব্যয় হবে। এটা কিন্তু এই শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী শুরু করেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা করেছেন যে উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলোকে সচল করা এবং যেখানে নেই, সেখানেও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা। যাতে মানুষের অসুখ-বিসুখ হলে দৌড়ে শহরে যেতে না হয় এবং এখানেই ছোটখাটো অসুখের চিকিৎসা করা যায়, আমরা সেই চেষ্টা করেছি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
নিজস্ব প্রতিবেদক 






















