টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার রামপুর বিলপাড়া এলাকার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। কোরাইনা আলী ওই এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বল্লা ইউনিয়নের দড়ি খরশিলা দক্ষিণপাড়া এলাকার একটি চকে জুয়ার আসরে কোরাইনা আলীকে মারধর করা হয়। জুয়া খেলার বোর্ডের টাকা চাওয়া এবং পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম (ধলা), রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী ও মো. লিটনের বিরুদ্ধে কোরাইনা আলীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৫ আগস্ট তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুক্রবার রাতে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, কোরাইনা আলীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয় এবং ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 





















