পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ‘মদ্যপান অবস্থায়’ রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ছয় নম্বর ভবনের পাঁচতলায় এ ঘটনা ঘটে। নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিনসিটির ছয় নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ‘মদ্যপানের’ পর পরস্পর বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা একে অপরকে আঘাত করেন। এ সময় দুজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদের গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























