তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াপ্রতিভা তুলে আনতে এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। এই মেগা টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাকে সফল ও উৎসবমুখর করতে মির্জাপুরে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে দল গঠন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং মাঠ প্রস্তুত করাসহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রামীণ পরফায় থেকে সেরা প্রতিভাগুলোকে খুঁজে বের করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উল্লেখ্য, এবারের এই জাতীয় টুর্নামেন্টে দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের ম্যাচগুলোর জন্য প্রস্তুতি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। মির্জাপুরে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মির্জাপুরে এই টুর্নামেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মির্জাপুরের ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে এই টুর্নামেন্ট নতুন উদ্দীপনা সৃষ্টি করবে প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সচেতন মহলের।
স্টাফ রিপোর্টার-সাইদ আল মামুন 




















