স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে, ১৭ বছর তাদের যেভাবে ধারাবাহিকতা ছিল—চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, সামাজিকভাবে যেকোনো প্রোগ্রামে হোক, তাদের অনুসরণ করে যদি আমরা একই পথে হাঁটি, মানুষ কিন্তু আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাব। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশে আমাদের পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দলকে আপনারা দেখছেন। ১৭ বছর তো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন যে, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কথায় যেন কেউ আহত না হন, মনে কষ্ট না পান—নেতাকর্মীদের আমরা বারবার তা স্মরণ করিয়ে দিই।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 























