পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান প্রশাসন। যোগদানের পরপরই শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া ফ্রী করে প্রশংসা পেয়েছেন নবনিযুক্ত ভাইস- চ্যান্সলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান। মঙ্গলবার (১৪জুলাই) পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়। গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় ছাত্রছাত্রীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন নবনিযুক্ত ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান । সেই ঘোষণার এক মাসের মাথায় অদ্য (১৪ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করেন।
বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান, ভাইস – চ্যান্সেলর স্যারের ঘোষণা যে এত তাড়াতাড়ি কার্যকর হবে তারা তা স্বপ্নেও ভাবেননি। তারা ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থী বান্ধব।আমরা সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন যে সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি”।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া থাকেনা।তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত আরও সহজ হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণে উপকৃত হবে।
নিজস্ব প্রতিবেদক 





















