২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের তুমুল উত্তেজনা। বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আনা এই হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে এখন অন্যরকম এক বিতর্কের ঝড় বইছে। এই মেগা ম্যাচের দায়িত্বভার সম্পূর্ণ এক আর্জেন্টাইন রেফারি প্যানেলের হাতে তুলে দিয়েছে ফিফা, যা নিয়ে ফরাসি শিবিরে এক প্রকার অস্বস্তি এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোদ কিলিয়ান এমবাপ্পের জন্য এই সিদ্ধান্ত বিশাল মনস্তাত্ত্বিক পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
চলতি বিশ্বকাপের অন্যতম বড় এই বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াইকে কেন্দ্র করে। সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার পুরো ফরাসি রেফারিং দল। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে সেই ম্যাচটি জিতলেও মাঠের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয় এবং অভিযোগ ওঠে যে ফরাসি রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে গেছে। এর ঠিক কয়েক দিন পরই যেন নাটকের উল্টো পিঠ দেখল ফুটবল বিশ্ব। এবার ফ্রান্সের বাঁচা-মরার লড়াই পরিচালনা করার দায়িত্ব পেলেন আর্জেন্টিনার রেফারিরা।
ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, আজকের এই হাইভোল্টেজ ম্যাচের মূল রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেল্লো। তাকে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে সহযোগিতা করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এ ছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ান নাভারো। চলতি বিশ্বকাপে এবারই প্রথম মাঠের প্রধান পাঁচজন অফিশিয়ালের সবাই একই দেশের নাগরিক। এর আগে ফাকুন্দো তেল্লো যে দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে চতুর্থ ও রিজার্ভ রেফারি ছিলেন যথাক্রমে সৌদি আরব ও কলম্বিয়ার।
ফিফা সাধারণত অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং মাঠের পারফরম্যান্স বিবেচনা করেই রেফারি নিয়োগ দেয়। এই আর্জেন্টাইন রেফারিদের সততা বা নিরপেক্ষতা নিয়ে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও ফুটবল অনুরাগী ও বোদ্ধাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র সন্দেহ। এর বড় কারণ হলো, টুর্নামেন্টের ব্র্যাকেট বা সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনা ও ফ্রান্স একই দিকে অবস্থান করছে। আজকের ম্যাচে ফ্রান্স জিতলে এবং অন্য ম্যাচে আর্জেন্টিনা নিজেদের জয় ধরে রাখলে সেমিফাইনাল মাঠে গড়াবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। ফলে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের উপস্থিতি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন ফরাসি সমর্থকেরা।
দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা রেফারি ফাকুন্দো তেল্লোর ক্যারিয়ারে এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা।
সূত্র: মার্কা
ক্রীড়া ডেস্ক 























