আজ ৪ জুলাই (শনিবার) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন–২০২৬’-এ তিনি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এক সন্তানের মা সেই বিভীষিকাময় দিনের নির্মম স্মৃতি তুলে ধরেন। সন্তান হারানোর অসহনীয় বেদনা, অপেক্ষার প্রহর, শেষ বিদায়ের মুহূর্ত এবং দীর্ঘশ্বাসে ভরা তাঁর কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ উপস্থিত হাজারো মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। পুরো মিলনায়তনে নেমে আসে এক গভীর আবেগঘন পরিবেশ।
শহীদ মায়ের সেই হৃদয়স্পর্শী বক্তব্য শুনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণিসহ উপস্থিত অতিথিরা আবেগ ধরে রাখতে পারেননি। অনেকের চোখেই অশ্রু ঝরে পড়ে।
চীফ হুইপের অশ্রুসিক্ত চোখ যেন জাতিকে আবারও স্মরণ করিয়ে দেয়—জুলাইয়ের প্রতিটি শহীদ কেবল একটি নাম বা সংখ্যা নন; তাঁদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি পরিবারের সীমাহীন ত্যাগ, অপূরণীয় শোক, অসীম ভালোবাসা এবং আজীবনের বেদনাবিধুর ইতিহাস। তাঁদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
চীফ হুইপ বলেন, “জুলাইয়ের শহীদরা বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের আত্মদান জাতির ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁদের আদর্শ, সাহস ও দেশপ্রেম থেকে অনুপ্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
তিনি জুলাইয়ের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য, শক্তি ও মানসিক প্রশান্তি কামনা করে দোয়া করেন।
তিনি বলেন, শহীদ পরিবারের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাআলা জুলাইয়ের সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তাঁর বিশেষ রহমত, ধৈর্য ও শান্তি বর্ষণ করুন। আমিন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 





















