বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম।
বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি। এ ধারা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও প্রয়োজন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, এনটিভি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও জনস্বার্থের সাংবাদিকতার এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণস্বার্থে গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে এনটিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এনটিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী ফৌজুল আজিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, এবি পার্টির নেতা প্রকৌশলী শাহআলম বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, বিসিবির কাউন্সিলর শরিফুল ইসলাম অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুস্তাফা মুহিত, ফেনী 






















