জাপানের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে রিজার্ভ বেঞ্চে বসেই কাটালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তার না খেলা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হলেও ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় তুলে নেয় আনচেলত্তির দল।
ম্যাচ শেষে নেইমারকে না খেলানোর কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি জানান, এটি কোনো চোটজনিত সিদ্ধান্ত ছিল না। ব্রাজিলিয়ান তারকা পুরোপুরি ফিট ছিলেন এবং মাঠে নামার জন্য প্রস্তুতও ছিলেন।
ব্রাজিল কোচ বলেন,নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা পরিকল্পনা করেছিলাম, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারি, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে মাঠে নামানো হবে।
তবে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর ম্যাচের চিত্র বদলে যায়। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আক্রমণে ধারাবাহিক চাপ সৃষ্টি করতে থাকে। সেই পরিস্থিতিতে কৌশল পরিবর্তনের প্রয়োজন দেখেননি আনচেলত্তি।
তিনি বলেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলাম। তাই দলের ফরমেশন বা ছন্দ পরিবর্তন করার প্রয়োজন মনে করিনি।’
যদিও সমতাসূচক গোলের পর নেইমারকে ওয়ার্ম-আপ করতে দেখা যায়, শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্রাজিল কোচ।
আনচেলত্তির সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফলও হয়েছে। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যোগ করা সময়ে জয়সূচক গোল করে ব্রাজিলকে শেষ ষোলোয় তুলে দেন।
জাপানকে হারিয়ে নকআউট নিশ্চিত করা ব্রাজিল এখন শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে।
নিজস্ব প্রতিবেদক 
























