রাজধানীর বেসরকারি আবাসিক প্রকল্প বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ২২২ বিঘা সরকারি জমি চিহ্নিত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প অনুমোদনের নথিপত্র যাচাই করে সংশ্লিষ্টরা ৩ হাজার ৩১৪ দশমিক ৮৯ একর জমির অনুমোদনের প্রমাণ পেয়েছেন। তবে বাস্তবে বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানার আওতাধীন ৯টি মৌজায় বসুন্ধরার মালিকানাধীন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্পে ৩ হাজার ৪০৪ দশমিক ৪০ একর জমি রয়েছে। ফলে ৭৪ দশমিক ১৮ একর জমিকে সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারি জমি চিহ্নিত হওয়ার বিষয়টি গত ৫ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিস্তারিত তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়েছে, বিষয়টির লিখিত সারসংক্ষেপ গণপূর্তমন্ত্রী দেখেছেন এবং মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য সম্মতি দিয়েছেন।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত করার বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুশাসন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও রাজউকের একটি দল বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠায়।
এদিকে, বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আদায় করা ফি বাতিলে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে আগামী সোমবার (১১ মে) সভা ডাকা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবার (৯ মে) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা খাস জমি উদ্ধার এবং এলাকাটিকে ডিএনসিসির আওতায় আনার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা এমনিতেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে রয়েছে। খাস জমি শুধু বসুন্ধরা আবাসিক এলাকাতেই নয়, সারা দেশেই উদ্ধার করা হবে। যা করা হবে, সব আইনগতভাবেই করা হবে।
তিনি আরও বলেন, অনেক জায়গা-জমি অবৈধ দখলে রয়েছে। বিভিন্ন স্থানে এসব নিয়ে মামলা-মোকদ্দমা চলছে। বিষয়গুলো সরকার আইনগতভাবেই দেখছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের বসুন্ধরা আবাসিক প্রকল্পের উদ্যোক্তা কোম্পানি সর্বশেষ ২০২৪ সালের ১৫ জুলাই প্রকল্পের ম্যাপ ও জিআইএস ডেটাবেস মন্ত্রণালয়ে জমা দেয়।
জমা দেওয়া ম্যাপ ও ডেটাবেস অনুযায়ী, ঢাকা জেলার ভাটারা, বাড্ডা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানাধীন ভাটারা, কাঠালদিয়া, ডুমুনী, পাতিরা, বড় বেরাইদ, ছোট বেরাইদ, সাতারকুল, জোয়ারসাহারা ও বড়ুয়া মৌজায় কোম্পানিটির মোট জমির পরিমাণ ১০ হাজার ২১৩ বিঘার কিছু বেশি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় সাড়ে ২২২ বিঘা জমি সরকারি।
সারসংক্ষেপে বলা হয়েছে, ১৯৮৭ সালের ৩০ ডিসেম্বর কিছু শর্তসাপেক্ষে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টকে বসুন্ধরা আবাসিক প্রকল্পের লে-আউট প্ল্যান অনুমোদন দেয় রাজউক। পরে ২০১৬ সালের ২১ জানুয়ারি সরকারি জমি বাদ দিয়ে প্রায় ৯ হাজার ৯০৫ বিঘা জমির ওপর বসুন্ধরা আবাসিক প্রকল্পের লে-আউট প্ল্যানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নাগরিক সুবিধার জমি হস্তান্তরের নির্দেশ
বসুন্ধরা আবাসিক প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে ইতোমধ্যে চিঠি দিয়েছে রাজউক। গত ১৬ এপ্রিল দেওয়া ওই চিঠিতে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪—যা ২০১২ ও ২০১৫ সালে সংশোধিত—এর আলোকে বসুন্ধরা আবাসিক প্রকল্পের অনুমোদিত লে-আউটে নাগরিক সুবিধার জন্য চিহ্নিত সব সংরক্ষিত জমি দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক বসুন্ধরা আবাসিক এলাকার অভ্যন্তরে উন্নয়নকৃত রাস্তাঘাটসহ অন্যান্য নাগরিক সুবিধা রাজউকের অনুমোদিত লে-আউট নকশা, সিডিউলসহ দালিলিক কাগজপত্র হস্তান্তরের জন্য অফিস আদেশ জারি করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে সব ধরনের সেবা প্রদান, কর আদায়সহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম গ্রহণে আইনগত কোনো বাধা নেই। রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী প্রস্তাবটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
ডিএনসিসির আওতায় বসুন্ধরা আবাসিক এলাকা
বসুন্ধরা আবাসিক এলাকা আগে ভাটারা, বেরাইদ ও ডুমনি নামের তিনটি ইউনিয়ন পরিষদের আওতাধীন ছিল। ভাটারা ইউনিয়নের জোয়ারসাহারা ও ভাটারা, বেরাইদ ইউনিয়নের বড় বেরাইদ এবং ডুমনি ইউনিয়নের ডুমনি, বড় কাঠালদিয়া ও পাতিরা মৌজা বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সীমানাভুক্ত।
বসুন্ধরা আবাসিক এলাকাকে ডিএনসিসির অধিভুক্ত করার উদ্যোগ নেওয়ার পর সংশ্লিষ্টদের কাছে এলাকাটি হস্তান্তরের জন্য চিঠি দেওয়া হয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসিক এলাকা
২০টি ব্লকে বিভক্ত বসুন্ধরা আবাসিক এলাকায় বর্তমানে ৩৫ হাজারের বেশি প্লট রয়েছে। আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ আবাসিক এলাকায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিশুদের শিক্ষার জন্য বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে।
পরিকল্পিত শহর হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকা রাজধানীবাসীর কাছে পরিচিত। ১৯৮৭ সালে যাত্রা শুরু করা এ প্রকল্পকে অনেকটাই সুরক্ষিত আবাসিক এলাকা হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রতিষ্ঠার শুরু থেকেই বাসিন্দারা আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে এলেও বিভিন্ন সার্ভিস চার্জ নিয়ে তাঁদের মধ্যে কিছুটা অসন্তোষ ছিল। এবার নতুন সরকার গঠনের পর আবাসিক এলাকাটিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















