ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফিরে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করে আসামিও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর দিগারকান্দা এলাকার রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বর্তমানে ভুক্তভোগী রাসেল ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে থানায় ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মূল আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়। পরবর্তীতে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
হামলায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি চার সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে থানা-পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি আরিফুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























