চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা উপকূলে নোঙর করা একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাতির সময় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মালামাল লুটে বাধা দেওয়ায় ডাকাত দলের হামলায় প্রাণ হারিয়েছেন দুই নিরাপত্তাকর্মী (নাইট গার্ড)। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের নৃশংসতার সাক্ষ্য দিচ্ছে।
নিহতরা হলেন—মো. খালেদ প্রমাণিক ও মো. সাইফুল্লাহ। তাদের দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা এলাকার ‘কেআর শিপ মেকিং ইয়ার্ড’-এ নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ইয়ার্ড কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে কাটিং বা ভাঙার জন্য একটি পুরোনো স্ক্র্যাপ জাহাজ ইয়ার্ডের সীমানায় আনা হয়েছিল। রাতে সেই জাহাজে হানা দেয় একদল সংঘবদ্ধ দস্যু বা ডাকাত। এ সময় জাহাজের পাহারায় থাকা খালেদ ও সাইফুল্লাহ ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাদের ওপর চড়াও হয় এবং নৃশংস কায়দায় হত্যা করে।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, ‘‘রাতে ডাকাত দল জাহাজে হানা দিলে আমাদের দুই গার্ড প্রতিরোধ গড়ে তুলেছিল। ডাকাতরা তাদের নির্মমভাবে হত্যা করেছে।’’
ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘‘ডাকাতির ঘটনায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’’
নিজস্ব প্রতিবেদক 























