ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ সালের আসর শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রেকর্ড মূল্যে দলে ভিরিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে রাখতে পারছে না শাহরুখ খানের দল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কঠোর নির্দেশনার কারণে দল থেকে ছেড়ে দিতে হচ্ছে এই তারকা পেসারকে।
শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সচিব জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশনা পাঠানো হয়েছে যেন তারা অবিলম্বে মুস্তাফিজকে রিলিজ করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে এবারের আইপিএলে মুস্তাফিজের খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।
তবে ফ্র্যাঞ্চাইজিটির ক্ষতির কথা চিন্তা করে বিকল্প ব্যবস্থা রেখেছে বোর্ড। দেবজিৎ সাইকিয়া আশ্বস্ত করেছেন, মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর যদি অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি প্রদান করবে।
ধারণা করা হচ্ছে, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। হঠাৎ করে মুস্তাফিজকে হারানোর ফলে কেকেআরের বোলিং পরিকল্পনায় বড় ধরনের রদবদল করতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ক্রীড়া ডেস্ক 

























