ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাম্প্রতিক হামলায় গুরুতর আহত শরীফ ওসমান হাদির আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে ‘খাস দিলে’ দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এবং বিশেষ করে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আবেগঘন আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, তবে তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’’
তিনি আরও বলেন, ‘‘আগামীকাল (শুক্রবার) জুমার নামাজের পর আপনারা তার জন্য বিশেষভাবে দোয়া করবেন। শুধু মুসলমানরাই নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও বলবেন তার জন্য প্রার্থনা করতে।’’
এ সময় সাংবাদিকরা ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অগ্রগতি এবং উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সেসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি কেবল হাদির সুস্থতার বিষয়েই কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক 





















